প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৩৪ এএম
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত প্রদান করেন এবং ঈদের তাৎপর্য তুলে ধরেন।
এছাড়া বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় এসব জামাত অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এদিকে যেকোনো প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী গ্রন্থাগারিক মাওলানা শহীদুল ইসলাম।



