রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তা পেরিয়ে ঈদগাহে ঢুকছেন মুসল্লিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৪২ এএম

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তা পেরিয়ে ঈদগাহে ঢুকছেন মুসল্লিরা

ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এই জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ঈদগাহ প্রাঙ্গণে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগ থেকেই প্রবেশ করতে শুরু করেন তারা। ধীরে ধীরে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ।

ঈদের সকালে নানা বয়সী মানুষের উপস্থিতিতে জমে ওঠে এক মিলনমেলার পরিবেশ। খিলগাঁও থেকে আসা আশরাফ আলী জানান, এক মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ পূর্ণতা পায় জামাতের মাধ্যমে। হাজারো মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ আদায়ের অনুভূতি ভিন্নমাত্রার—এই অনুভূতি ভাগ করে নিতে তিনি ভোরেই চলে আসেন।

চকবাজার থেকে ছোট ছেলেকে নিয়ে ঈদগাহে আসেন মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, কয়েক বছর ধরেই এখানে ঈদের নামাজ আদায় করছেন। নিজের শৈশবের স্মৃতি ছেলের মধ্যে ছড়িয়ে দিতে চান। তাঁর ভাষায়, বাবার হাত ধরে যেমন ঈদগাহে আসতেন, আজ ছেলেকে নিয়ে এসে সেই একই আনন্দ অনুভব করছেন।

সকালে সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাব এলাকা, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তসহ বিভিন্ন দিক থেকে সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারী।

ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৩০ জনের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।

এছাড়া নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, প্রবেশপথ ও ওজুর ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও চিকিৎসা সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

এদিকে জাতীয় ঈদগাহে প্রধান জামাতের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে ধর্মীয় আবহ, শৃঙ্খলা ও মিলনমেলার এক অনন্য চিত্রে ভরে উঠেছে জাতীয় ঈদগাহ ময়দান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!