রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অনিয়মে কঠোর অবস্থান, ক্লিনিক পরিদর্শনে নামছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০১:৫৮ পিএম

অনিয়মে কঠোর অবস্থান, ক্লিনিক পরিদর্শনে নামছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ফাইল ছবি

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

মঙ্গলবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে নয়, ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্যায়ে আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকায় অবস্থিত সব ক্লিনিক পরিদর্শন করা হবে।

মন্ত্রী আরও জানান, পরিদর্শনের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। যেখানে সেবার মান উন্নত করার সুযোগ রয়েছে, সেখানে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। তবে গুরুতর অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, পরিদর্শন শুরু হলে অন্যান্য প্রতিষ্ঠানও সতর্ক হবে। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে এই কার্যক্রম ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত করা হবে। কারণ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন, তাদের জন্যও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

ব্যবস্থার বিষয়ে মন্ত্রী জানান, প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধনের জন্য নোটিশ দেওয়া হবে। যন্ত্রপাতি বা প্রয়োজনীয় সুবিধার ঘাটতি থাকলে তা পূরণে নির্দিষ্ট সময় দেওয়া হবে। নির্ধারিত শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত করে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!