প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:৩৯ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা থাকলেও দেশের বাজারে আপাতত দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এপ্রিল মাসেও আগের দরেই ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন বিক্রি হবে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের বিদ্যমান মূল্যই বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। এর ফলে প্রতি মাসেই নতুন করে দাম নির্ধারণ করা হয়।
দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার বড় অংশই ডিজেল। কৃষি সেচ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় এর সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার।
এদিকে অন্যান্য জ্বালানির দামও নিয়মিত পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক বাজারের প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায়।



