প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৪৯ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাবে দেশের ভেতরে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবে। শিগগিরই কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা জানান, ইতোমধ্যে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে এবং খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় এটি চালু করা হবে। প্রথম ধাপে সীমিত পরিসরে এই ব্যবস্থা কার্যকর করে পরে ধীরে ধীরে পুরো দেশে সম্প্রসারণ করা হবে।
এদিকে, জ্বালানি তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে কয়েকটি জেলায় ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পেট্রল ও অকটেন ক্রয়ের ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
সাতক্ষীরায় জেলা প্রশাসকের স্বাক্ষরযুক্ত কার্ড প্রদর্শন ছাড়া মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে না। কার্ডে চালক ও যানবাহনের তথ্য সংরক্ষিত থাকছে এবং প্রতিবার তেল নেওয়ার সময় পরিমাণ লিপিবদ্ধ করা হচ্ছে।
সরকারের এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার পাশাপাশি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।



