প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:২০ এএম
জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফুয়েল পাস’ এর মাধ্যমে এখন থেকে জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
প্রাথমিকভাবে রাজধানীর নির্দিষ্ট কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি স্টেশন যুক্ত করা হলে বর্তমানে মোট সাতটি ফিলিং স্টেশনে এই সেবা চালু রয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এসব স্টেশনে মোটরসাইকেল চালকরা এখন থেকে শুধু এই অ্যাপের মাধ্যমে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে এই ব্যবস্থা দেশের সব ফিলিং স্টেশন ও সব ধরনের যানবাহনের জন্য সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মতে, প্রচলিত পদ্ধতিতে দীর্ঘ সারি, সময়ক্ষেপণ এবং অনিয়মের কারণে জ্বালানি বিতরণে নানা সমস্যা দেখা দিচ্ছিল। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করায় কৃত্রিম সংকটও তৈরি হতো।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপটি জাতীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে জ্বালানি ব্যবস্থাপনা আরও নিয়ন্ত্রিত ও আধুনিক হবে।



