রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সারা দেশেই ফুয়েল পাসের চিন্তা করছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১১:২৭ এএম

সারা দেশেই ফুয়েল পাসের চিন্তা করছে সরকার

প্রতীকী ছবি

জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নিয়ন্ত্রিত করতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে মোবাইলভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রথম ধাপে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে এই অ্যাপ ব্যবহার করে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০ থেকে ১৫টি স্টেশনে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায়ও এই সেবা সম্প্রসারণ করা হবে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মে মাসের মধ্যে ধাপে ধাপে দেশের সব জেলায় এই ব্যবস্থা চালু করার লক্ষ্য রয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ের আইটি বিশেষজ্ঞরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অ্যাপ ব্যবহারের প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।

প্রাথমিক পর্যায়ে ঢাকায় নিবন্ধিত মোটরসাইকেল মালিকরা এই ব্যবস্থায় নিবন্ধন করতে পারছেন। শুরুতে কিছু জটিলতা থাকলেও পরে তা সহজ করা হয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে একদিনে একাধিকবার জ্বালানি নেওয়ার সুযোগ সীমিত করা হবে। এতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আসবে এবং অনিয়ম কমবে। পাশাপাশি নির্ধারিত সীমার বাইরে জ্বালানি নেওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তবে এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি; এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু ফিলিং স্টেশনে এখনো প্রয়োজনীয় প্রযুক্তি ও সংযোগ সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, সফল পাইলট প্রকল্প শেষে নির্দিষ্ট লেনে আলাদা সেবা ব্যবস্থা চালু করা হতে পারে, যাতে ফুয়েল পাস ব্যবহারকারীরা সহজে জ্বালানি নিতে পারেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!