প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:১২ এএম
দেশের জ্বালানি চাহিদা পূরণে বিদেশ থেকে অকটেন ও ভারী তেল আমদানি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন বহনকারী একটি জাহাজ আগামীকাল বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
এছাড়া একই দিনে আরও একটি জাহাজ প্রায় ২৫ হাজার টন ভারী জ্বালানি তেল নিয়ে দেশে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এসব জ্বালানি আমদানি করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমদানি কার্যক্রমও চলমান রয়েছে।
এদিকে, এর আগেই চট্টগ্রাম বন্দরে তরল প্রাকৃতিক গ্যাস ও তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের প্রস্তুতি চলছে এবং দ্রুতই তা সরবরাহ ব্যবস্থায় যুক্ত করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক আমদানির মাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।



