প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:০৬ এএম
জাতীয় সংসদে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি আইন সংশোধনের লক্ষ্যে সাতটি বিল পাস হয়েছে। সোমবার অনুষ্ঠিত সংসদের অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এসব বিল অনুমোদন দেওয়া হয়।
অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জহামান মোট দশটি বিল উত্থাপন করেন, যার মধ্যে সাতটি বিল পাস হয়েছে এবং বাকি তিনটি বিল অধিকতর আলোচনার জন্য রাখা হয়েছে। পাশাপাশি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা’ সংশোধন বিল উত্থাপন করেন, যা পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ভোটার তালিকা সংশোধন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় এবং কর্মচারী সংশ্লিষ্ট আইনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আইন। এসব সংশোধনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সুপারিশ করে সংসদের বিশেষ কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই ধাপে ধাপে বিল আকারে সংসদে উত্থাপন করা হচ্ছে।



