প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:২১ পিএম
জাতীয় সংসদে টিপাইমুখ বাঁধ প্রকল্পকে দেশের জন্য সম্ভাব্য সর্বনাশ হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের সম্পূরক প্রশ্নের জবাব শেষে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, পানিসম্পদমন্ত্রী হিসেবে তার কিছু অভিজ্ঞতা রয়েছে। ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই শুরু হয়েছিল বলে তিনি জানান। তার ভাষায়, ‘আমরাই নিজেদের ডেকে এনে এমন পরিস্থিতির সৃষ্টি করেছি।’
এর আগে প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে সম্ভাব্য সমস্যার সমাধানের পথ খোঁজা হবে।
সংসদে সিলেট অঞ্চলের বন্যা ও খরার চিত্র তুলে ধরে আব্দুল মালিক বলেন, বর্ষায় পাহাড়ি ঢল ও উজানের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তিনি টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের পরিকল্পনা এবং পাহাড়ি ঢলের চাপ মোকাবিলার বিষয়ে জানতে চান।
জবাবে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সমস্যার প্রভাব কমাতে সরকার উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত। তবে এ প্রকল্প বাস্তবায়িত হলে পানিপ্রবাহ কমে যাওয়া এবং পরিবেশগত ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।



