প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৪৯ পিএম
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের একটি স্বাভাবিক রাজনৈতিক অধিকার। তবে দীর্ঘ সময় ধরে সংসদ বর্জন করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে জনগণের অধিকারও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বিরোধী দলকে অযথা ওয়াকআউট না করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারি দলকেও বিরোধী দলকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি মনে করেন, সংসদে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গণতন্ত্রের জন্য জরুরি।
তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন। তা না হলে দেশ আবারও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, দীর্ঘ সময় গণতন্ত্রের চর্চা ব্যাহত হওয়ায় দেশের মানুষ নানা সংকটের মুখে পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্র রক্ষায় তারা এখন আরও দৃঢ় অবস্থানে রয়েছে। ফলে ভবিষ্যতে কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ থাকবে না।
এর আগে ভোলা সফর শেষে বরিশালে পৌঁছালে স্পিকারকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়। পরে তিনি স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।



