রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডেপুটি স্পিকারের নেতৃত্বে কুনমিং যাচ্ছেন এনসিপির আখতারসহ ৪ এমপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৫১ পিএম

ডেপুটি স্পিকারের নেতৃত্বে কুনমিং যাচ্ছেন এনসিপির আখতারসহ ৪ এমপি

ফাইল ছবি

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।

বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সফরকালে ১১ জুন অনুষ্ঠিতব্য ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।

সফরের শেষদিকে ১২ জুন ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করবেন ডেপুটি স্পিকার। সেখানে দুই দেশের মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!