প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:০২ পিএম
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেন তিনি।
রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি মন্ত্রীর আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পহেলা মে’র মধ্যে কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
জবাবে মন্ত্রী দেশের গ্যাস সংকটের কথা উল্লেখ করে জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গ্যাসের সীমাবদ্ধতার কারণে আশুগঞ্জ সার কারখানায় এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর কোনো খনন কার্যক্রম হয়নি। বর্তমান সরকার নতুন করে গ্যাস অনুসন্ধান শুরু করেছে এবং নতুন গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জের মতো শিল্পকারখানায় সরবরাহ দেওয়া সম্ভব হবে।
এ সময় স্পিকার মন্ত্রীকে তার আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবতার সঙ্গে মিলিয়ে এবং প্রয়োজনীয় সব বিষয় যাচাই-বাছাই করেই দেওয়া উচিত।



