রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:৪২ এএম

আজ দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

ফাইল ছবি

১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার থেকে দিনে দুই বেলা অনুষ্ঠিত হবে। সকাল ও বিকেল—দুই সময়েই সংসদ সদস্যরা আইন প্রণয়নের কার্যক্রমে অংশ নেবেন।

সময়ের স্বল্পতা কাটাতে এবং আইনি শূন্যতা এড়াতে এই ‘দুই পর্ব’ পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে।

গতকাল সোমবার সংসদের অধিবেশন ছিল অত্যন্ত ব্যস্ত। একদিনেই সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয় এবং আরও তিনটি বিল উত্থাপন করা হয়। তবে উত্থাপিত তিনটি বিলের বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে কিছু আপত্তি ও পর্যবেক্ষণ ওঠায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা সম্ভব হয়নি।

সংসদীয় রীতি অনুযায়ী, এসব বিল নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা কোনো অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকের ত্রিশ দিনের মধ্যে আইনে রূপান্তর না হলে তা বাতিল হয়ে যায়। এই বড় চাপ সামাল দিতে সংসদের কার্যক্রমের গতি বাড়াতে দুই পর্বের অধিবেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!