রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৯:৩৫ এএম

আজ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য নতুন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ সময় তিনি কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন এবং পরে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন। এর আগে টাঙ্গাইলে পৌঁছে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করার কর্মসূচি রয়েছে তার।

কৃষকদের সরাসরি সহায়তা ও ক্ষমতায়নের লক্ষ্যে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এই কার্যক্রম চালু হচ্ছে, যেখানে পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী দিনে টাঙ্গাইলে ১ হাজার ৫০০ কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হবে। তিন ধাপে বাস্তবায়িত এই কর্মসূচির প্রথম ধাপ পরীক্ষামূলক, এরপর পাইলট কার্যক্রম এবং সর্বশেষ ধাপে দেশব্যাপী বিস্তৃতি ঘটানো হবে।

এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, প্রশিক্ষণ, রোগবালাই দমন পরামর্শ, কৃষি বিমা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের সুযোগসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন।

এছাড়া ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তাও দেওয়া হবে। ইতোমধ্যে ২২ হাজারের বেশি কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের জন্য ব্যাংক হিসাব খোলার কাজ সম্পন্ন হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!