প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৫০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শূন্য পদ পূরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন।
শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সরকারের দুই মাস পূর্তিতে এ সময় প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়।
উপদেষ্টা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, মহানগর এলাকায় উন্মুক্ত খেলার মাঠ বাড়ানো হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আবারও চালু করা হয়েছে। এতে প্রথমবারের মতো ক্রীড়া ও কোরআন তিলাওয়াত বিভাগ যুক্ত করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে ১৫০টি আসন সংরক্ষণ এবং বই পড়া উৎসাহিত করতে বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণের কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে ‘এক শিক্ষক এক ট্যাব’ পাইলট প্রকল্প শুরু হয়েছে।
শিক্ষাক্রম আধুনিকায়নে লার্নিং, আনন্দময় শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের অংশ হিসেবে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির কাজ চলছে।
এ ছাড়া ক্রীড়া খাতে সহায়তার জন্য স্পোর্টস কার্ড ও ভাতা কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে সহায়তা দেওয়া হচ্ছে।



