রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাসে কিলোমিটার প্রতি ভাড়া ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৫০ পিএম

বাসে কিলোমিটার প্রতি ভাড়া ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব

ফাইল ছবি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। এর ফলে বাস ও ট্রাকের জ্বালানি ‘ডিজেল’ দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।

রবিবার (১৯ এপ্রিল) তারা দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-এর মহাসচিব মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ভাড়া সমন্বয় করে দিলে সমস্যা হতো না। কিন্তু তা না হওয়ায় বর্তমানে মালিকরা বেশি দামে তেল কিনলেও আগের ভাড়ায় গাড়ি চালাতে হচ্ছে, যা তাদের জন্য লোকসানজনক।

তিনি আরও বলেন, ২০২২ সালের তুলনায় এখন বাসের চেসিস ও বডি তৈরির খরচ প্রায় ২০-২১ লাখ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে, ফলে কিস্তির চাপও বেড়েছে।

তিনি জানান, ২০২২ সালে জ্বালানি তেলের দাম বাড়ার পর কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হলেও পরে তা ২ টাকা ১২ পয়সায় সমন্বয় করা হয়। এরপর দীর্ঘদিন আর কোনো ভাড়া সমন্বয় হয়নি, যদিও খরচ ক্রমাগত বেড়েছে।

মালিকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে কিলোমিটারপ্রতি অন্তত সাড়ে ৩ টাকা ভাড়া না হলে বাস চালানো সম্ভব হবে না।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!