রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কত টাকা বাড়ল বাসভাড়া, জানা যাবে আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:২৩ এএম

কত টাকা বাড়ল বাসভাড়া, জানা যাবে আজ

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনের ভাড়া নতুন করে নির্ধারণ হতে যাচ্ছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গতকাল সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্রুতই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সপ্তাহের শুরুতে নিয়ন্ত্রক সংস্থা, মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকেও কোনো সমঝোতা হয়নি। পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়। যদিও আলোচনায় ২৫ পয়সা বৃদ্ধির বিষয়ে কিছুটা ঐকমত্য তৈরি হলেও তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা ইতোমধ্যে দেশের বাজারেও প্রভাব ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ও মূল্যে চাপ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকার সম্প্রতি ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম সমন্বয় করেছে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহন খাতে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হয়। পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবি জোরালো হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত বাড়তি ভাড়া না নেওয়ার নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

সব মিলিয়ে, নতুন ভাড়া নির্ধারণ নিয়ে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন সবার দৃষ্টি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!