রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৪৮ পিএম

মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রতীকী ছবি

মোবাইল ফোনে রিচার্জের ওপর উচ্চহারে কর আরোপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি জানিয়েছেন, এ বিষয়ে করের চাপ কমাতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ নীতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ১০০ টাকার মোবাইল রিচার্জে বিপুল পরিমাণ অর্থ কর হিসেবে কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব বেশি পড়ছে।

তিনি আরও বলেন, মোবাইল সেবায় আরোপিত কর ও ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অধিকাংশ মানুষকে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সরকারের লক্ষ্য, বিপুলসংখ্যক নাগরিককে দ্রুতগতির ইন্টারনেট সুবিধার মধ্যে আনা।

উপদেষ্টা স্বীকার করেন, গ্রাহকরা অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না, যা একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মোবাইল সেবায় করের হার বাড়ানোর ফলে গ্রাহকদের খরচ আরও বেড়েছে। বিভিন্ন ধরনের কর ও শুল্ক মিলিয়ে রিচার্জের একটি বড় অংশই সরকার নিয়ে নিচ্ছে, যা নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!