প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:২৫ পিএম
দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সোমবার (২৭ এপ্রিল) এক আলোচনায় মন্ত্রী বলেন, সাময়িক চাপ থাকলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তিনি দেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে দীর্ঘমেয়াদে সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমদানিতে অতিরিক্ত ব্যয় বেড়েছে, যা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। বর্তমানে বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বকেয়া থাকাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে কর সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, যা ভবিষ্যতে জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে।



