রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে কোনও লোডশেডিং নেই দাবি বিদ্যুৎমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৩:৩৮ পিএম

দেশে কোনও লোডশেডিং নেই দাবি বিদ্যুৎমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে কোথাও লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সাময়িকভাবে কোথাও বিদ্যুৎ না থাকলে তা মূলত কারিগরি ত্রুটির কারণে হচ্ছে, স্থায়ী কোনো লোডশেডিং নেই।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, কিছুদিন আগে যান্ত্রিক সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে সেই সমস্যাগুলো এখন সমাধান হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, এখন আর লোডশেডিং নেই।

গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। ফলে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে, তবে ত্রুটি ঠিক হলেই আবার বিদ্যুৎ ফিরে আসে।

তেলের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের অভাবে কখনো লোডশেডিং হয়নি। অতীতে যেসব সমস্যা হয়েছে, সেগুলো ছিল যান্ত্রিক কারণে।

এছাড়া জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছে। ডিজেল চুরি ও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!