প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৩:৪৯ পিএম
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর ও মানবিক করে তুলতে ‘শিশু স্বর্গ মডেল’ শীর্ষক একটি নতুন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রাজধানীতে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আনা বিভিন্ন শিক্ষাসামগ্রী, প্রয়োজনীয় নিত্যপণ্য ও পুনর্বাসন সহায়ক উপকরণের স্টল ঘুরে দেখেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচির সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের বাংলাদেশে ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানসিক বিকাশ এবং পুনর্বাসন কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসাই এই ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সমাজে মূলধারায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও মানবিক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এই শিশুদের সঠিক চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ কেবল একটি প্রকল্প নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনের ভিত্তি। যেখানে প্রতিটি শিশুর সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্য থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরাও বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত সেবা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ ছাড়া এই খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচি ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে। এতে করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ আরও সুদৃঢ় হবে।



