প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:০৩ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত একটি শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। পরিদর্শন শেষে তিনি শিশুদের শিক্ষা, নৈতিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, একটি জাতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিশুদের সঠিক শিক্ষা ও আদর্শে গড়ে তোলার বিকল্প নেই।
কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার সময় শিশুদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা ও নানা উপস্থাপনা নিবিড়ভাবে উপভোগ করেন তিনি। শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ এবং সৃজনশীলতা দেখে সন্তোষ প্রকাশ করে ডা. জুবাইদা রহমান বলেন, এমন পরিবেশে বেড়ে ওঠা শিশুদের মধ্যে ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তিনি বলেন, একটি শিশুর জীবনের ভিত্তি গড়ে ওঠে ছোটবেলার শিক্ষা ও পারিবারিক-সামাজিক মূল্যবোধের মাধ্যমে। সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানবিক আচরণের মতো গুণাবলি যদি শৈশব থেকেই চর্চা করা যায়, তাহলে তারা বড় হয়ে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। ভবিষ্যতে তারাই দেশের উন্নয়ন, অগ্রগতি এবং মানবিক সমাজ বিনির্মাণে নেতৃত্ব দেবে। তাই শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, নৈতিকতা, সহমর্মিতা ও দেশপ্রেমের শিক্ষায়ও সমানভাবে সমৃদ্ধ করতে হবে।
পরিদর্শনের একপর্যায়ে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে উৎসাহ দেন। তিনি আশা প্রকাশ করেন, যথাযথ পরিচর্যা, সুশিক্ষা এবং অনুকূল পরিবেশ পেলে এসব শিশুই একদিন নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবে এবং দেশের জন্য গর্ব বয়ে আনবে। একই সঙ্গে তিনি শিশুদের বিকাশে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।



