রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ 

দেশের চিকিৎসা শিক্ষার ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের সাক্ষী বাংলাদেশ

শহিদুল ইসলাম খোকন

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:১০ পিএম

দেশের চিকিৎসা শিক্ষার ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের সাক্ষী বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে শুধু মেধাবী চিকিৎসক তৈরির লক্ষ্যই নয়, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনের অঙ্গীকারও যুক্ত হয়েছে একটি অনন্য কর্মসূচির মাধ্যমে। এ বছরের স্লোগান ছিল— “একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ”।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহা পরিচালক জনাব ডা. সুমন নাজমুল বলেন, দেশের ১১২টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মোট ১১ হাজার ৮৩৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২২ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ১০ জনের বেশি পরীক্ষার্থী।

তিনি আরো বলেন, এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮টি। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত প্রায় ১ হাজার ১০০টি আসন বাদ দিলে দেশীয় শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা দাঁড়ায় প্রায় ১১ হাজার ৮০০টি।

চিকিৎসা শিক্ষায় সুযোগ পাওয়া এই শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা ক্যাম্পাসে অন্তত একটি করে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। সে অনুযায়ী ইতোমধ্যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ১১ হাজার থেকে ১২ হাজারেরও বেশি গাছের চারা রোপণ করা হয়েছে, যা ভবিষ্যতে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ এবং পরিবেশগত নানা সংকটের সময়ে চিকিৎসা শিক্ষার্থীদের এই অংশগ্রহণ কেবল প্রতীকী নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল উদাহরণ। একজন চিকিৎসক যেমন মানুষের জীবন রক্ষায় কাজ করেন, তেমনি একটি বৃক্ষ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে লাখো প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে।

পরিবেশবিদদের মতে, যদি প্রতি বছর মেডিকেল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাধ্যমে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা যায়, তাহলে কয়েক বছরের মধ্যেই দেশে লক্ষাধিক নতুন বৃক্ষ সংযোজিত হবে। যা নগর ও গ্রামীণ উভয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, একজন শিক্ষার্থীর হাতে যখন একটি গাছের চারা তুলে দেওয়া হয়, তখন তার মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও পরিবেশ সচেতনতার বীজও রোপিত হয়। ফলে এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর পদক্ষেপ।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীরা জানান, চিকিৎসক হওয়ার স্বপ্নের পাশাপাশি পরিবেশ রক্ষার এই অঙ্গীকার তাদের জন্য গর্বের বিষয়। অনেকেই নিজেদের রোপণ করা গাছের পরিচর্যার দায়িত্বও গ্রহণ করেছেন।

বিশ্লেষকদের মতে, চিকিৎসা শিক্ষার সঙ্গে পরিবেশ সংরক্ষণকে যুক্ত করার এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভর্তি পরীক্ষার প্রতিযোগিতামূলক যাত্রা শেষে যখন একজন শিক্ষার্থী একটি গাছ রোপণ করেন, তখন তিনি শুধু নিজের ক্যারিয়ারের সূচনাই করেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতিও দেন।

“একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ”— এই স্লোগান তাই আজ শুধুমাত্র একটি কর্মসূচি নয়; এটি একটি সামাজিক আন্দোলন, একটি পরিবেশবান্ধব অঙ্গীকার এবং একটি সুস্থ, সবুজ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!