রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মুদিদোকান ও বিউটি পারলারেও আসছে ভ্যাট

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:৪৭ পিএম

মুদিদোকান ও বিউটি পারলারেও আসছে ভ্যাট

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে দেশের ভ্যাট ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মুদিদোকান, বিউটি পারলারসহ বিভিন্ন খুচরা ও সেবাভিত্তিক ব্যবসা ভ্যাটের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারের রাজস্ব বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে ভ্যাটের বাইরে থাকা বেশ কয়েকটি ব্যবসায়িক খাতকে ধাপে ধাপে এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে মুদিদোকান, বিউটি পারলার, তৈরি পোশাক ও কাপড় বিক্রয়কেন্দ্র, মিষ্টির দোকান, প্রসাধনী সামগ্রীর ব্যবসা, গৃহস্থালি প্লাস্টিক ও সিরামিক পণ্যের বিক্রেতা, জুতার দোকান, সাজসজ্জা সেবাদানকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী বিক্রেতা।

এ ছাড়া মোবাইল ফোন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, চুলা ও অন্যান্য বৈদ্যুতিক পণ্যের বিক্রয়কেন্দ্র, রং ও স্যানিটারি সামগ্রীর দোকান, টাইলস, ঢেউটিন, রড, সিমেন্ট ও আসবাবপত্র ব্যবসাকেও ভ্যাট ব্যবস্থার আওতায় আনার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। খাদ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বেশ কিছু খাত নতুনভাবে অন্তর্ভুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, সরকারের রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি করব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট থেকে সরকারের মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ভ্যাটের আওতা সম্প্রসারণকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে নতুন খাতগুলো ভ্যাটের আওতায় এলে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে এর প্রভাব কী হবে, তা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!