প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৪:০২ পিএম
বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গত মানুষের সহায়তায় দেশের ১১টি জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্লাবিত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার কাজ করছে বাহিনীটি।
রোববার বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দুর্গত এলাকাগুলোতে বিজিবির সদস্যরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
বন্যাকবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আটকে পড়া পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া, জরুরি খাদ্যসামগ্রী বিতরণ এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। বিশেষ করে দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে দ্রুত সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বিজিবির সদস্যরা উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বিজিবি জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বাহিনীর সদস্যরা।



