রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ৭২ ঘণ্টায় ২০ জেলায় বন্যার হতে পারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৮ পিএম

আগামী ৭২ ঘণ্টায় ২০ জেলায় বন্যার হতে পারে

সংগৃহীত

দেশের বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ২০টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী একদিন আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও এসব নদীর পানি বিপৎসীমাও অতিক্রম করতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলেও একই ধরনের পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। যেসব স্থানে ইতোমধ্যে পানি জমেছে, সেখানে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে রাজশাহী অঞ্চলের আত্রাই ও ছোট যমুনা নদীর পানিও বাড়ছে। নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায়ও পানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদীসংলগ্ন এলাকাগুলোতে আগামী কয়েক দিনের মধ্যে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। একই সময়ে গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানিও ধীরে ধীরে বাড়তে পারে।

এদিকে চট্টগ্রাম অঞ্চলের মুহুরী, ফেনী, সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির কারণে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চলেও সাময়িক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় নদীর পানি দ্রুত বাড়ছে, সেখানে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!