প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৪:৪৯ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানকে দেশের সমগ্র জনগণের যৌথ অর্জন হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এটি কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক কৃতিত্ব নয়। তিনি বলেন, এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ শক্তির পরিচয় দিয়েছে এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে বিভ্রান্তি বা অপরাজনীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে ঢাকা কলেজে শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করা হয়।
শেখ রবিউল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার ইতোমধ্যে অঙ্গীকার করেছে এবং সেই অঙ্গীকার বাস্তব রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছে, তা সংসদে এবং রাষ্ট্র পরিচালনায় যথাযথভাবে প্রতিফলিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন শুধু পরিবর্তনের বার্তা দেয়নি, বরং আত্মসমালোচনা, আত্মসংশোধন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার শিক্ষা দিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান যে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রধান কেন্দ্র, জুলাই সেই বাস্তবতাও নতুনভাবে সামনে এনেছে।
বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়ানো এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের প্রশাসন, শিক্ষা, রাজনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও এখানকার শিক্ষার্থীরাই দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



