রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সালমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ১২:৪৪ পিএম

সালমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে অংশ নিতে লন্ডনের আইনজীবী গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে কাজ করার উদ্দেশ্যেই বিদেশি আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করেছেন। আবেদনটি বার কাউন্সিলের সচিবের কাছে জমা দেওয়া হয় এবং গত ২৪ আগস্ট তা গ্রহণ করা হয়েছে।

গ্রায়েম এল. হল লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী। সালমান এফ রহমানের পক্ষে চলমান মামলায় এরই মধ্যে দেশীয় আইনজীবীদের একটি দল আইনি কার্যক্রম পরিচালনা করছে। তাদের সঙ্গে যুক্ত হয়ে মামলায় অংশ নেওয়ার অনুমতি চেয়েছেন গ্রায়েম এল. হল।

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। চলতি বছরের ১২ জানুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সালমান এফ রহমানের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ। রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন দমনে নেওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সম্পৃক্ততা ছিল।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, তাদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব ঘটনার সময় নির্যাতন ও সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ আরও অভিযোগ করেছে, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সালমান এফ রহমান ও আনিসুল হক সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ সংক্রান্ত বিষয়ে ওই বছরের ১৯ জুলাই তাদের মধ্যে একটি ফোনালাপও হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এদিকে সালমান এফ রহমানের পক্ষে বর্তমানে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী আইনি কার্যক্রম পরিচালনা করছেন। তার সঙ্গে সমন্বয় করে মামলায় অংশ নেওয়ার জন্যই গ্রায়েম এল. হল বার কাউন্সিলের অনুমতি চেয়েছেন।

বিদেশি আইনজীবীর এই আবেদন গ্রহণের পর এখন তার বাংলাদেশে আইনগতভাবে মামলায় অংশ নেওয়ার সুযোগ ও সংশ্লিষ্ট অনুমোদনের বিষয়টি বার কাউন্সিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আবেদনটি অনুমোদিত হলে সালমান এফ রহমানের পক্ষে চলমান আইনি লড়াইয়ে নতুন একজন আইনজীবী যুক্ত হওয়ার পথ তৈরি হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!