প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০২:০৬ পিএম
সরকার জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক এবং এ কাজ সাংবিধানিক ও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদ শুধু একটি দলিল নয়, এটি দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আত্মত্যাগের প্রতীক। এই সনদে যারা স্বাক্ষর করেছেন, তাদের সেই অঙ্গীকারের সঙ্গে শহীদদের আত্মত্যাগ জড়িয়ে আছে। তাই এর প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। তবে সব ধরনের সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামো অনুসরণ করে সংসদের মাধ্যমেই কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের একক সিদ্ধান্তের পরিবর্তে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার পরিবেশ বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন মতাদর্শের আড়ালে অন্যের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছেন। সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। তার মতে, বিভ্রান্তি ও উসকানিমূলক তৎপরতা পরিহার করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার সব রাজনৈতিক শক্তির সহযোগিতা কামনা করে। সংসদকে কার্যকর ও শক্তিশালী রেখে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।



