রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তায় র‌্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১১:৪৭ এএম

৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তায় র‌্যাব

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটিকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা কিংবা জননিরাপত্তার বিঘ্ন রোধে বাহিনীটি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বাহিনীটি সব সময় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে। বিশেষ এই দিবসকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ ছাড়া দিবসটির আগের রাত থেকেই অনুষ্ঠানস্থল, পদযাত্রার নির্ধারিত পথ, গুরুত্বপূর্ণ সড়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালনকারী সদস্যরাও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা প্রতিহত করা যায়।

র‌্যাব আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্রবিরোধী অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের তৎপরতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো ঠেকাতে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।

বাহিনীটি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!