রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৫:৩৪ পিএম

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ফাইল ছবি

আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিভিন্ন বিদেশি বিমান সংস্থাকে কক্সবাজার থেকে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক বিমান চলাচল চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিদেশি বিমান সংস্থা কক্সবাজার থেকে সরাসরি বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজ পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

তিনি জানান, সংশ্লিষ্ট বিদেশি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আনার ফলে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে সরাসরি আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল শুরু হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার ভ্রমণের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও অগ্রগতির কথা জানিয়েছেন বিমানমন্ত্রী। আগামী ডিসেম্বর মাসে টার্মিনালটি চালুর লক্ষ্য নিয়ে সরকার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, তৃতীয় টার্মিনালের নির্মাণ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে জাপানি অংশীদারদের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। নতুন টার্মিনাল চালু হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করাও সহজ হবে বলে জানান তিনি। দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!