রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৬:০৯ পিএম

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ

ফাইল ছবি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে এবং এতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ রয়েছে। তবে এ পর্যন্ত চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ বর্তমানে আরও বিস্তৃত হচ্ছে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ছে। এসব দেশ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব ও অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদারের সুযোগ রয়েছে।

মক্কার গুরুত্বের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে মক্কার বিশেষ স্থান রয়েছে। তাই মুসলিম দেশগুলোর মধ্যে যদি কোনো ধরনের নিরাপত্তা সহযোগিতার কাঠামো গড়ে ওঠে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক হিসেবে দেখার কারণ নেই।

তিনি জানান, বিষয়টি বর্তমানে ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে। তবে চুক্তির কাঠামো, সদস্যদেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে আলোচনা বাড়ছে। বাংলাদেশের পক্ষ থেকেও পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!