রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০২:২৬ পিএম

‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’

সংগৃহীত

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এসব যান কোন সড়কে চলতে পারবে, চলাচলের সীমা কতটুকু হবে, যানবাহনের কারিগরি মান কেমন হতে হবে এবং চালকদের কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন—নীতিমালায় এসব বিষয় স্পষ্ট করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে মানুষের কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে অনেক চালকের যথাযথ প্রশিক্ষণ না থাকায় সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোর কারিগরি সক্ষমতা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সব যানবাহন নির্ধারিত মান পূরণ করছে কি না, সেটি নিশ্চিত করার পাশাপাশি চালকদের প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টি নীতিমালায় রাখা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা হবে। কোন এলাকায় এসব যান চলতে পারবে এবং কোন সড়কে চলাচল নিষিদ্ধ বা সীমিত থাকবে, তাও নির্ধারণ করা হবে। এর ফলে রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!