প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৬:৩১ পিএম
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা ও নির্দিষ্ট ভৌগোলিক এলাকা অনুযায়ী যোগ্য সেবাদাতা প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য একটি শক্তিশালী সেবা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার ২৭ আগস্ট দেশের বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা একযোগে সেবাদাতা প্রতিষ্ঠান তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ তৈরি, গ্রাহকসেবা এবং স্থাপিত ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণেও তারা ভূমিকা রাখবে।
সরকারের এই উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। নতুন প্রতিষ্ঠানগুলো চাইলে অভিজ্ঞ জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে পারবে। এতে স্থানীয় উদ্যোক্তাদের প্রযুক্তিগত জ্ঞান, আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক দক্ষতা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে শুধু বড় শহর বা বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার গ্রাহকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে একাধিক সেবাদাতা প্রতিষ্ঠান তৈরি হলে গ্রাহকের জন্য প্রতিযোগিতামূলক মূল্য, উন্নত সেবা এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ সুবিধা পাওয়ার সুযোগ বাড়বে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে স্বল্পসুদের অর্থায়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য প্রারম্ভিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়েও সরকার কাজ করছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।
সরকারের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানিনির্ভরতা কমানো, পরিবেশের ওপর চাপ হ্রাস এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। সেই লক্ষ্যেই সারা দেশে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী ও কার্যকর সেবার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পঞ্চগড় থেকে পটুয়াখালী কিংবা কুড়িগ্রাম থেকে কক্সবাজার—দেশের প্রতিটি অঞ্চলের উদ্যোক্তাদের এই নতুন বাজারে যুক্ত করার মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।



