রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কৃষি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০১:১০ পিএম

কৃষি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

প্রতীকী ছবি

কৃষিখাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য ঋণের সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগে গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে দেওয়া ঋণে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নির্ধারণ করা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এই তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। পরবর্তী সময়ে গ্রাহকদের দেওয়া ঋণের ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নিতে পারবে।

শরিয়াহভিত্তিক অর্থায়নের ক্ষেত্রেও একই সীমা প্রযোজ্য হবে। অর্থাৎ এ ধরনের ঋণে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ মুনাফা নেওয়া যাবে। এর বেশি হারে মুনাফা আদায়ের সুযোগ রাখা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সংশোধিত নির্দেশনায় ঋণের মেয়াদ খাত ও প্রকল্পের ধরন অনুযায়ী আলাদা করা হয়েছে। নির্ধারিত কিছু খাতে ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১৮ মাস। এসব ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ছাড়কাল দেওয়া যাবে। অন্যদিকে, অন্যান্য নির্ধারিত খাত ও প্রকল্পে ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩৬ মাস নির্ধারণ করা হয়েছে। এসব ঋণের ক্ষেত্রে প্রকল্পের ধরন অনুযায়ী তিন থেকে ছয় মাস পর্যন্ত ছাড়কাল দেওয়ার সুযোগ থাকবে।

নির্দেশনায় পুনঃঅর্থায়নের অর্থ পরিশোধের বিষয়েও নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল অর্থের পাশাপাশি ৩ শতাংশ সুদ বা মুনাফা পরিশোধ করবে।

তহবিলের অর্থ অনুমোদিত কাজে ব্যবহার না করলে কিংবা কোনো গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত আরও ২ শতাংশ সুদ বা মুনাফা এককালীনভাবে আদায় করা হবে।

গ্রাহকদের মধ্যে এই সুবিধার বিষয়ে সচেতনতা বাড়াতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সংশ্লিষ্ট ব্যাংক শাখার ভেতরে ও বাইরে এমন জায়গায় দৃশ্যমান ব্যানার স্থাপন করতে হবে, যাতে গ্রাহকেরা ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ পাওয়ার বিষয়টি সহজেই জানতে পারেন। পাশাপাশি রেয়াতি ঋণ সুবিধার বিষয়ে বিশেষ প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশোধিত নির্দেশনায় যেসব বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ছাড়া আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নতুন সুদের হার ও সহজতর ঋণ সুবিধার ফলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, ব্যবসা ও বিভিন্ন প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!