প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৩৬ পিএম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অগ্রগতির বিষয়ে জানাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে এক ক্ষুদেবার্তায় সারাদেশে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু পরিচালনা করে এ পর্যন্ত ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তারের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনা করে ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শুটারগান, একটি রাইফেল, ২টি বন্দুকসহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৩০৬ রাউন্ড গুলি ছাড়াও অভিযানে ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১৬ দশমিক ৩ কেজি আতশবাজি, ৫৪ রাউন্ড গুলির খোসা, ১০টি বোমা তৈরির উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।



