প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৩৮ পিএম
পর্যটন খাতের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দায়িত্বহীন আচরণের কারণে দেশের পর্যটন শিল্প কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারছে না বলে মন্তব্য করেছেন পর্যটন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেন্ট মার্টিন নিয়ে যখন অপপ্রচার ছড়ানো হয়েছিল, যদি পর্যটন খাতের উদ্যোক্তারা দায়িত্বশীলভাবে এগিয়ে আসতেন, তবে এত শোরগোল হত না।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম চাইছি। একই পরিস্থিতি সিলেটের সাদা পাথর ও হাওরের ক্ষেত্রেও ঘটেছে। আমাদের অপার সম্ভাবনা থাকলেও দায়িত্বশীল আচরণের অভাবে পর্যটন শিল্প কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারছে না। এটি পর্যটকদের ক্ষেত্রেই প্রযোজ্য, তেমনি ব্যবসায়ীদের ক্ষেত্রেও দায়িত্ব নিতে হবে।”
উক্ত অনুষ্ঠানে দেশের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো পর্যটন খাতের অংশীদারদের মধ্যে সেবার মান ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য প্রেরণা যোগানো। এবার ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তি সম্মাননা লাভ করেন।



