রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ক্লাস সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৪৪ পিএম

অনলাইন ক্লাস সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন গোলাম পরওয়ার

ছবিঃ সংগৃহীত

মহানগর এলাকার স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর এবং বাস্তবতা বিবর্জিত।

তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকটের অজুহাতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অনলাইন শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার একটি পরিকল্পনার অংশ হতে পারে। তার মতে, অনলাইনভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, অনলাইন ক্লাসের কারণে অনেক দরিদ্র শিক্ষার্থী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ ইন্টারনেট ও ডিভাইসের খরচ তাদের জন্য বহন করা কঠিন। পাশাপাশি দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের ফলে শিশুদের মধ্যে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পূর্ববর্তী অনলাইন শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা ইতিবাচক ছিল না। বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের শেখার মান কমে গেছে এবং অনেক শিক্ষার্থী শ্রেণি অনুযায়ী দক্ষতা অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অনলাইন শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়েছে এবং শিশু শ্রমের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আবারও একই ধরনের ব্যবস্থা গ্রহণ শিক্ষার জন্য ক্ষতিকর হবে।

তিনি দাবি করেন, শিক্ষা খাতে সঠিক সংস্কার ও উন্নয়ন না করে আবার অনলাইন ক্লাস চালু করা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকি। সরকারকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!