প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:০৫ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের অংশগ্রহণে জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের উপস্থিতিতে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।
সমাবেশে উপস্থিত রয়েছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারা।
গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



