প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৫৩ পিএম
বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ‘বাজে মন্তব্য’ আসছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, এ বিষয়ে বাইরের কারও মন্তব্য করা উচিত নয়।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে যেসব মন্তব্য করা হচ্ছে, তা আগে দেখা যায়নি। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতির সঙ্গে প্রতারণা করে আবার সংসদে দৃঢ়ভাবে বক্তব্য দেওয়া লজ্জাজনক।
এনসিপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, এরশাদের মতো দেশ পরিচালনার চেষ্টা করছেন তারেক রহমান। এভাবে চলতে থাকলে তার পরিণতিও একই রকম হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের চার হাজার সদস্য এবং বিভিন্ন রাজনীতিবিদের সন্তানরা এনসিপিতে যোগ দেন।



