প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১১ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার মধ্যে।
বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ আসলে কখনোই হারিয়ে যায়নি। তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’
তার এই মন্তব্যকে আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের আগের দিনের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
এর আগে মাহফুজ আলম দাবি করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও রাজনৈতিক বিভাজনের সুযোগে আওয়ামী লীগ রাজনীতিতে ‘ফিরে এসেছে’। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুতি, মব জাস্টিসের উত্থান এবং বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনার কারণে দলটির পুনরুত্থানের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বও আওয়ামী লীগের ফেরার পথকে সহজ করেছে।
তবে আসিফ নজরুল এই বিশ্লেষণের সঙ্গে দ্বিমত পোষণ করে বোঝাতে চান, দলটি কখনোই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়নি—বরং এখন তাদের পুরোনো দম্ভ নতুন করে প্রকাশ পাচ্ছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এই দুই সাবেক উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



