প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:১২ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য মাহফুজ কবির মুক্তাকে গণমাধ্যম কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক নিয়োগ আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ আদেশ অনুযায়ী, মাহফুজ কবির মুক্তা প্রতিমন্ত্রীর পক্ষে গণমাধ্যম-সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন। একই সঙ্গে নির্বাচনী এলাকার সংবাদমাধ্যম, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন গণমাধ্যম-সংক্রান্ত বিষয়ে সহযোগিতা প্রদান করবেন।
এ ছাড়া প্রতিমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, সংবাদ সম্মেলন, বিবৃতি, সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমে তথ্য উপস্থাপনের বিষয়গুলোও তার দায়িত্বের আওতায় থাকবে। সরকারি কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগ সম্পর্কে যথাযথ তথ্য পৌঁছে দিতে তিনি সমন্বয়কের ভূমিকা পালন করবেন।
নিয়োগ আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। প্রয়োজন অনুযায়ী দাপ্তরিক নির্দেশনা অনুসরণ করে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
মাহফুজ কবির মুক্তার নিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আশা প্রকাশ করেছেন, তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রেখে সরকারি কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গণমাধ্যম ও দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হলে সরকারি উদ্যোগ, উন্নয়নমূলক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে মাহফুজ কবির মুক্তা সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।


