রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৮:২৯ পিএম

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি

সংগৃহীত

নৈতিকতার অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে নতুন বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দাবি করেন, আলোচিত তরুণী নিজ ইচ্ছায় গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকতে চেয়েছিলেন এবং বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ওই তরুণী অন্য কোথাও বিয়ে করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন এবং আলোচিত সংসদ সদস্যের সেবায় থাকতে আগ্রহের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটিকে দল নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করেনি। এ কারণেই জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, দলের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো আচরণ করলে পদমর্যাদা বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হয়।

তার ভাষ্য, সাধারণ কোনো ব্যক্তির তুলনায় দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির আচরণের গুরুত্ব অনেক বেশি। তাই এমন অবস্থানে থাকা কারও নৈতিক বিচ্যুতি সংগঠনের ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলে। এ কারণেই দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কোনো ধরনের আপস না করার নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, সমাজে নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের প্রতি মানুষের প্রত্যাশা বেশি থাকে। ফলে তাদের ব্যক্তিগত ও সামাজিক আচরণেও দায়িত্বশীলতা বজায় রাখা প্রয়োজন। নৈতিকতা প্রশ্নে দল ভবিষ্যতেও একই কঠোর অবস্থান বজায় রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়ে বক্তব্য দেন এবং নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!