প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:৫৪ পিএম
পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই দলই এখন ২–২ সমতায় অবস্থান করছে। ফলে সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
রবিবার (২২ মার্চ) ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় শূন্য রানে ফিরে যান ওপেনার উইয়ান মুল্ডার। তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় উইকেটে ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন টনি জর্জি ও কনোর এস্থারহুইজেন।
টনি জর্জি ২১ বলে ২৩ রান করে বিদায় নিলেও কনোর এস্থারহুইজেন দুর্দান্ত অর্ধশতক করেন। তিনি ৫৭ রান করে আউট হন। এছাড়া রুবেন হারমান ২৮, ডিয়ান ফরেস্টার ১৯, জেসন স্মিথ ১৯ এবং জর্জ লিন্ডে ১৪ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন নেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে ৯ রান করে আউট হন ওপেনার ক্যাটেন ক্লার্ক। অন্য প্রান্তে টিম রবিনসন ৩২ রান করেন। ড্যান ক্লেভারও ২৬ রানের ইনিংস খেলেন। তবে এরপর আর কেউ দাঁড়াতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ১৪৫ রানে গুটিয়ে যায় দলটি। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েৎজি সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
এই জয়ের ফলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি এখন দুই দলের জন্যই নির্ধারণী লড়াই হয়ে উঠেছে।



