প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:৫২ এএম
নির্বাচনকালীন কারচুপিসহ বিভিন্ন কারণ দেখিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তার স্থলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের নতুন এডহক কমিটি গঠন করেছে। নতুন কমিটির প্রধান বা সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম। উল্লেখ্য, ফাহিম সিনহা আগে ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
নতুন কমিটির প্রধান কাজ আগামী ৯০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। দেশের ক্রীড়া আইনের মতে, এডহক কমিটির সদস্যরা আগামী বিসিবি নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধার মুখে পড়বেন না।
সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানিয়েছেন, “অবশ্যই আমরা নির্বাচন করব। ফ্রি ও ফেয়ার নির্বাচন হবে, যেখানে আগ্রহী সবাই অংশ নিতে পারবে। আমরা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব।” তিনি আরও যোগ করেছেন, বোর্ডের সকল ক্রিকেটার ও সংগঠকরা নির্বাচনে অংশ নেওয়া উচিত।
এর আগে বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত কমিটি প্রমাণিত অভিযোগ হিসেবে উল্লেখ করেছে– নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহার।



