প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:৪০ পিএম
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর নির্বাচন। তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কয়েকজন কাউন্সিলর।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা থেকে ঢাকা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের পরিচালক পদ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ক্যাটাগরি-৩ থেকেও একজন পরিচালক নির্ধারিত হয়েছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এই তিন বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিভাগে দুটি পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও একজনের মনোনয়ন বাতিল হওয়ায় সেখানকার দুই পরিচালকও চূড়ান্ত হয়ে গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন।
ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পাওয়া জসিম উদ্দিন খান খসরু–র মনোনয়ন বাতিল হয়েছে। বিসিবি জানিয়েছে, জমা পড়া ৩৩টি মনোনয়নের মধ্যে ১টি ছাড়া বাকি সব বৈধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগ থেকে বৈধ মনোনয়ন পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি এবং শরিফুল ইসলাম। এ বিভাগ থেকে নির্বাচিত হবেন দুইজন।
খুলনা বিভাগে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। আর বরিশাল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি।
ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর।
ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে লড়বেন ১৮ কাউন্সিলর। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস ও মোহাম্মদ আমজাদ হোসেন।
আগামী ২৪ মে মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। আর ২৫ মে দুপুরে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।



