প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:৩৭ পিএম
তিন ম্যাচের একদিনের সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই—এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই কঠিন ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে এগিয়ে রাখলেন তরুণ পেসার নাহিদ রানা।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নাহিদের গতির ঝড়ে দলীয় স্কোর ৩০ ছোঁয়ার আগেই তারা হারায় দুই উইকেট। তার ধারাবাহিক আক্রমণে শুরু থেকেই ব্যাটিং লাইনআপে ভাঙন ধরে কিউইদের।
মাঝে চতুর্থ উইকেটে নিক কেলি ও মুহাম্মদ আব্বাস মিলে ৫৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে সেই জুটি ভেঙে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নাহিদ। ব্যক্তিগত ১৯ রানে আব্বাসকে ফিরিয়ে দিয়ে নতুন ধাক্কা দেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। নাহিদকে সহায়তা করেন শরীফুল ইসলাম, যিনি গুরুত্বপূর্ণ সময়ে কেলিকে আউট করে প্রতিপক্ষের বড় স্কোরের সম্ভাবনা নষ্ট করেন।
নাহিদ রানা অসাধারণ বোলিং করে ডিন ফক্সক্রফট ও জেইডেন লিনক্সকেও আউট করেন। ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। ১০ ওভারে একটি মেডেনসহ ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই তরুণ পেসার।
অন্যদিকে কেলি ৮৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন। তিন অংকের ইনিংসের পথে থাকলেও শেষ পর্যন্ত তা আর ছুঁতে পারেননি। এটি তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।
শেষ পর্যন্ত ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে।



