প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:১৬ পিএম
চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটির মাধ্যমে। তামিমকে সভাপতি করে গঠিত ১১ সদস্যের এই কমিটির প্রধান দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
সোমবার (নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন) প্রেসবক্সে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ সময় তিনি জানান, নির্বাচন দ্রুত আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তামিম বলেন, “আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাহেই এটা করবো নিশ্চিতভাবে।”
তিনি আরও বলেন, ৯০ দিনের সময় থাকলেও শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা। তামিমের ভাষায়, “আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই।”
এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে আবারও মাঠে বল বয় ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
তামিম বলেন, “আগে দেখতাম ম্যাচের সময়ে বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতেন। এখনও পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। আমরা এটা আবার চালু করতে চাই।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে চট্টগ্রামে এমসিসি আসার সময় আমি ওই ম্যাচে বল বয় ছিলাম।”



