রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হারলেই জরিমানা কড়াকড়ি নিয়ম শ্রীলঙ্কায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৫৮ পিএম

হারলেই জরিমানা কড়াকড়ি নিয়ম শ্রীলঙ্কায়

ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পারফরম্যান্সে শৃঙ্খলা আনতে নতুন কিছু কঠোর নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই নীতিমালায় ম্যাচ হারলে জরিমানা এবং বোনাস পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপের কথা বলা হয়েছে।

এতদিন র‌্যাংকিংয়ের শীর্ষ নয়টি দলের বিপক্ষে জয় পেলেই খেলোয়াড়রা বোনাস পেতেন। নতুন প্রস্তাব অনুযায়ী, এখন থেকে বোনাস পেতে হলে শীর্ষ চার দলের বিপক্ষে সিরিজ জিততে হবে। শুধু ম্যাচ জিতলেই অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না, পুরো সিরিজ জয়ই হবে মূল শর্ত।

এ ছাড়া বোনাসের পরিমাণও নির্ভর করবে কোথায় জয় এসেছে তার ওপর। প্রতিপক্ষের মাঠে শীর্ষ দলকে হারালে সর্বোচ্চ বোনাস পাওয়া যাবে, আর নিজেদের মাঠে জিতলে সেই পরিমাণ তুলনামূলক কম হবে।

বর্তমানে শ্রীলঙ্কা টেস্ট ও একদিনের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ছয় নম্বরে এবং সংক্ষিপ্ত সংস্করণে আট নম্বরে রয়েছে। ফলে নবম স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও কোনো বোনাস মিলবে না। একই নিয়ম প্রযোজ্য থাকবে পঞ্চম থেকে অষ্টম স্থানের দলগুলোর ক্ষেত্রেও।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শীর্ষ দলকে তাদের মাঠে হারালে সর্বোচ্চ অর্থ পুরস্কার নির্ধারণ করা হয়েছে, যা ধাপে ধাপে কমে আসবে নিচের অবস্থানের দলগুলোর ক্ষেত্রে। একদিনের ও সংক্ষিপ্ত সংস্করণেও একই ধরনের কাঠামো রাখা হয়েছে, যদিও সংক্ষিপ্ত সংস্করণে ঘরের মাঠ বা বাইরে—উভয় ক্ষেত্রেই সমান বোনাসের কথা বলা হয়েছে।

অন্যদিকে ম্যাচ ফি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। টেস্টে জয় পেলে সর্বোচ্চ অর্থ দেওয়া হবে, ড্র হলে কমবে এবং হারলে আরও কম পাবে খেলোয়াড়রা। একদিনের ও সংক্ষিপ্ত সংস্করণেও জয়, হার ও ফল না হলে আলাদা আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কোনো খেলোয়াড় আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারলে এককালীন বড় অঙ্কের পুরস্কার দেওয়ার কথাও বলা হয়েছে। শীর্ষ পাঁচের অন্য অবস্থানগুলোতেও থাকবে বিশেষ আর্থিক প্রণোদনা।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এই প্রস্তাব বাস্তবায়িত হলে দলটির পারফরম্যান্সে বাড়তি চাপ ও প্রতিযোগিতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!